দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন করে লিটারপ্রতি ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ৯৪ টাকা ৬৯ পয়সা, যা আগে ছিল ৭০ টাকা ১০ পয়সা।
রোববার (১২ এপ্রিল) এই নতুন মূল্য ঘোষণা করা হয়। আজ মধ্যরাত থেকে এটি কার্যকর হবে।
বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৪) ও ৩৪(৬) অনুযায়ী এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী ফার্নেস অয়েলের দাম প্রতি তিন মাস অন্তর বা প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের বিধান রাখা হয়। সেই অনুযায়ী মার্চ মাসে অপরিশোধিত তেল আমদানি না হওয়া, আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের গড় দর এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এ জন্য ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়, যা প্ল্যাটস সূচকভিত্তিক গড় মূল্য ও বিনিময় হার বিশ্লেষণ করে এপ্রিল মাসের জন্য নতুন দর সুপারিশ করে। পরে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত কমিশনের বিশেষ সভায় সেই সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এমএস/